রাজশাহীর বাঘায় এক বিঘা জমিতে ৫৬টি আম গাছের মধ্যে ২২টি চারা আমগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামের কৃষক আলমগীর হোসেন এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে বাণিজ্যিকভাবে ৫৬টি আমগাছ রোপন করে বাগান করেছিলেন। আম বাগানে উন্নত জাতের হিমসাগর, কাটিমন, আমরুপালি গাছ রোপন করেছেন। সেখানে আমগাছের জাত পরিবর্তন করায় কোন আমগাছের বয়স ১০ বছর আবার কোন গাছের বয়স ৫ বছর হয়েছে। এই জমির ২২টি আমগাছ গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক আলমগীর হোসেন বলেন, তিনি একবিঘা(৩৩ শতাংশ) জমিতে আম বাগান করেছিলেন। দুর্বৃত্তরা তাঁর জমির ৫৬টি আম ধরা গাছের মধ্যে ২২ আমগাছ কেটে ফেলেছে। গাছে ধরা ৪ থেকে ৫ মণ আমও নিয়ে গেছে । যার বাজার মূল্যে ২০ হাজার টাকা। তিনি আরো বলেন, ‘মানুষের সাথে মানুষের শত্রুতা হয়। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। বাগানের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে এমন করা হলো কেন? এতে আমাদের কত বড় ক্ষতি হয়েছে বলে বোঝাতে পারব না।
এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমগাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।