রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউতে) তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত আশরাফুল ইসলাম বাবুল উপজেলার গাঁওপাড়া গ্রামের আমির হোসেন আমুর ছেলে।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ( আই সি ইউ) ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল, জানান, গত (২২ জুন) গুরুতর আহত বাবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিউতে) ভর্তি করানো হয়,এরপর থেকে ক্রমান্বয় তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। সর্বশেষ তার মাথার ক্ষত স্থানে ইনফেকশন হয়ে যায়।
ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে। তাকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান এই চিকিৎসক। এর আগে গত শনিবার (২২ জুন) বাঘার পৌরমেয়র আক্কাস আলীর অনিয়ম ও দুর্নীতি, স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার সকাল ১০টায় বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে, ঠিক একই সময়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আধিপত্য বিস্তার, অনিয়ম, দুর্নীতি এবং দলিল প্রতি অতিরিক্ত ফ্রি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেন আক্কাস আলী ও তার সমার্থকরা।
পরে উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে দাঁড়ানোর ১০ থেকে ১৫ মিনিটের মাথায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর সমর্থকদের সাথে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সেখানে দু পক্ষের সংঘর্ষে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম বাবু গুরুতর আহত হোন।
তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে। তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। পরে তাকে আই সি ইউ তে স্থানান্তর করা হয়। উল্লেখ্য :রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ২৪ ঘণ্টা পর একটি মামলা দায়ের করা হয়। এই মামলার বাদী হোন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন।
মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোকাদ্দেসসহ ৪৬ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা হওয়ার আগেই সর্বশেষ তথ্য অনুযায়ী গত শনিবার রাত পর্যন্ত সাতজনকে আটক করে পুলিশ। তাঁরা সবাই পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থক।