রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নতুন পানি আসায় রাসেল ভাইপার আতংকে চরের মানুষরা। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরে একটি রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মারা হয়েছে।
গত সপ্তাহ থেকে পদ্মা নদীতে নতুন পানি আসার ফলে চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ ভাইপার আতংকের মধ্যে বসবাস করছেন।
এ বিষয়ে পলাশি ফতেপুর চরের জনি আহমেদ বলেন, শুক্রবার সকালে পলাশি ফতেপুর পদ্মা নদী থেকে জাল তুলে বাড়ি ফিরছিলাম। এ সময় সামনে রাসেল ভাইপার দেখতে পেয়ে আতংকিত হয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে রাসেল ভাইপার সাপটি লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়। এই গ্রামে ৫ দিন আগেও আরেকটি রাসেল ভাইপার মারা হয়েছে। পদ্মায় নতুন পানি আসার পর থেকে রাসেল ভাইপারের লক্ষ করা যাচ্ছে।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, পদ্মার নতুন পানি আসার ইউনিয়নের ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ রাসেল ভাইপার আতংকে রয়েছে।