আসন্ন ঈদুল আজহায় দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে সোনামসজিদ স্থলবন্দর। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে এই বন্দরে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
কাজী শাহাবুদ্দীন জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সিঅ্যান্ডএফ এজেন্ট ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২২ জুন শনিবার থেকে বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এদিকে ঈদুল আজুহায় স্থলবন্দর ছুটি থাকলেও ভারত-বাংলাদেশের যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে।