রাজশাহীর বাঘায় সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা সাবরেজিষ্ট্র অফিসের সামনে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতির প্রেক্ষিতে চলমান অফিসের কাজকর্ম কিছু সময় বন্ধ ছিল।
সংঘর্ষে আহতরা হলেন, শামিম হোসেন, মাজিদুল ইসলাম, সজল হোসেন, আমিনুল ইসলাম, এনামুল হক, মুস্তোফা হোসেন, জয় হোসেন,পারভেজ হোসেন, শাহিন আলম, রাব্বি হোসেন, সনেট আহমেদ, সাইফুল ইসলাম, নাদিম হোসেন, সাজিত আহমেদ, আনজারুল ইসলাম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে সমিতির নামে অতিরিক্ত টাকা দিয়ে উপজেলা সাবরেজিষ্ট্র অফিসের দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ নিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। স্লিপ না নিলে সে জমি রেজিস্ট্র হয় না। এতে সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপন আপত্তি করেন। এ নিয়ে বর্তমান সভাপতি শাহিনুর রহামান পিন্টু ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপনের দলিল লেখক সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ভাই ভাই স্টোরের মালিক মাজিদুল ইসলাম বলেন, আধাঘন্টা ব্যাপি দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এ ঘটনার আগে সাবরেজিস্ট্রি অফিসের ভেতরে পানি নিয়ে দোকানে ফেরার পথে ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছি। দোকানে ফিরে এসে দেখি কিছু কমল পানির বোতলসহ দোকানের মালামাল নেই। এতে প্রায় সাত হাজার টাকা ক্ষতি হয়েছে। অপর দিকে ইটের আঘাতে রওশনারা হোটেলে সামনের গ্লাস ভেঙ্গে গেছে।
বাঘা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপন বলেন, কয়েব বছর ধরে দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ ছাড়া ক্রেতার দলিল সম্পূন্ন হয় না। এ নিয়ে সমিতি ভেঙ্গে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বর্তমান সভাপতি শাহিনুর রহমান পিন্টু পেশি শক্তি ব্যবহার করে সমিতির কাজকর্ম চালাতে চাই। এ নিয়ে আপত্তি করা হলে তার লোকজন অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ ও আক্রমন করে। এতে আমার সমর্থিত লোকজন আহত হয়েছে।
সমিতির বর্তমান সভাপতি শাহিনুর রহামান পিন্টু বলেন, বর্তমানে সভাপতির দায়িত্ব নিয়েছি। আমার আগে সমিতি কীভাবে চালাতেন তারাই ভাল বলতে পারবেন। তবে সমিতির নিয়মের বাইরে সাবেক সভাপতি চলতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, সাবরেজিস্ট্রি অফিসার আমার অফিসে এসে হট্টোগোলের বিষয়ে অবগত করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।