রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়া জাতীয় যুবশক্তির সেই দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডের দায়ে এই দুজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত এবং সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া না হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।