রাজশাহীর বাঘায় ঝড়ে গাছে উপড়ে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টায় বাঘা উপজেলার রাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে তাৎক্ষনিকভাবে তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, জালাল উদ্দিন (৪০) জাকির হোসেন (৩৫) ও সেন্টু (৩০)। তাদের সবার বাড়ি বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামে।
এ ঘটনায় আরও ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিলো। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বাঘা উপজেলায় আজ রাতে ঝড় হয়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন বড় গাছ উপড়ে পড়ে। এতে ঐ গাছের নীচে চাপা পড়েন বেশ কয়েকজন মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুর করে।
ওসি বলেন, এখনও উদ্ধার কাজ চলছে। আরো কয়েকজন গাছের নিচে চাপা পড়ে আছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।