ঢাকা শাহ আলী থেকে নাবালিকা গার্মেন্টস কর্মীকে অপহরণ করে নওগায় নিয়ে আসা অপহরণের মূল হোতা গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৫। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ জেলার মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি অমিত হাসান পলাশ (২২) নিয়ামতপুর থানার কামালপুর এলাকার হাবিলের ছেলে। র্যাব -৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিখোঁজ ভিকটিম ও বিবাদী পলাশ ঢাকার শাহ্আলী থানাধীন একটি গার্মেন্টসে চাকুরী করে। বিবাদী ভিকটিমকে নানাভাবে বিভিন্ন প্রলোভন সহ কু-প্রস্তাব দিত। এ সকল কু-প্রস্তাবে ভিকটিম রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পলাশ মেয়েটির ক্ষতি করার পায়তারা করতে থাকে। সম্প্রতি কাজ শেষ করে বাসায় আসার জন্য রিক্সার অপেক্ষায় শাহ্আলী থানাধীন নবাবেরবাগ এলাকাস্থ গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় ১নং বিবাদী অন্য বিবাদীগনের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে এক পর্যায়ে ভিকটিমকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে শাহ্ আলী থানায় ভিকটিমের মাতা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল অপহরণকারী মূলহোতা পলাশকে গ্রেপ্তার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।