মানিকগঞ্জে যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মিজানুর রহমান মিজান (৪৫), তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আইরামারী বিনোদপুর এলাকার মহিজ উদ্দিনের ছেলে। র্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, আসামীর বিরুদ্ধে ২০১৬ সালে রাজশাহী জেলার বাঘা থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে আসামী ছদ্মবেশ ধারণ করে নিজেকে আত্মগোপন করে দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড তৎসহ ২০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন।
উক্ত আসামীকে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।