রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবুল কালাম (৫০)কে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় হরগ্রাম চারখুটার মোড় গ্রামের ওবাইদুল হক রবিনের ছেলে বর্তমানে হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাসরত রাতুল ইসলাম রাহিম (২৩)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৩০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গাঁজাসহ গ্রেপ্তার ৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর প্যারামেডিকেল রোড এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুল ইসলাম ওরফে মিতুল (৩৭)এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিতুলকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামি মিতুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি জুয়া প্রতিরোধ আইনে মামলা রয়েছে।
এছাড়াও, পবা থানা পুলিশ গত বুধবার রাত সোয়া ৯টার দিকে পশ্চিম পুঠিয়াপাড়া গ্রামের গণি আমিনের স্ত্রী কুখ্যাত মাদক ব্যবসায়ী মিরা খাতুন (৩০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মিরা খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্যে, মিরা খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরু্দ্েধ আরএমপির বিভিন্ন থানায় মোট ১৪ টি মামলা রয়েছে।
তাছাড়াও, পবা থানা পুলিশ একই দিন রাত ১০টার দিকে মদনহাটি দক্ষিণপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের মৃত অজিত রঞ্জন সাহার ছেলে শ্রী মিঠুন সরকার (৪১) এবং বাগধানী গ্রামের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মান্নাফ হোসেন (১৭) (ছদ্মনাম)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত হতে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের দেখানো মতে রাজশাহী জেলার মোহনপুর বিদিরপুর বকপাড়া গ্রামের মৃত জহির স্বর্ণকারের ছেলে ছদের আলী (৭৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ছদের আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশে রাখা ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।