বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, আমি অতীতে রাজশাহীবাসীর পক্ষে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। রাজশাহীর মানুষের স্বার্থের সঙ্গে কখনো আপস করিনি, করবো না।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের বেলদারপাড়া মোড়ে ধানের শীষ প্রতীক্ষের পক্ষে গণসংযোগ, প্রচার-প্রচারণা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মিনু আরও বলেন, রাজনীতি মানেই জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে মাঠে থাকা। রাজশাহী একটি সম্ভাবনাময় নগরী হলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে অনেক নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলোতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আল্লাহ আমাকে সুযোগ দিলে নগরবাসীর সকল মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা, বেহাল সড়ক, ড্রেন পরিষ্কারের অভাব, মাদক সমস্যা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং তরুণদের কর্মসংস্থানের সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। মিনু মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং সমস্যাগুলো নোট করেন। এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, আপনাদের প্রতিটি সমস্যাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এগুলো শুধু শোনা নয়, বাস্তব সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করছে সচেতন ও দায়িত্বশীল তরুণ প্রজন্মের ওপর। মাদক ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সমাজসেবায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমি রাজশাহীবাসীর পক্ষে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো এই অঙ্গীকার নিয়েই রাজনীতিতে আছি। আমার লক্ষ্য একটাই, রাজশাহীকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা। গণসংযোগ ও মতবিনিময় শেষে স্থানীয় বাসিন্দারা মিনুর উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, দীর্ঘদিন পর একজন নেতা সরাসরি মানুষের দোরগোড়ায় এসে কথা বলছেন এবং সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন, যা সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিক যোগাযোগ রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।
গণসংযোগকালে মিনু ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি, বাজার ও ব্যাবসা প্রতিষ্ঠান ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন পাড়া- মহল্লায় সাধারণ নারী এ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ছোট শিশুরাও মিনুর পক্ষে স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাড়া-মহল্লা।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল আবেদিন, সাধারণ সম্পাদক খাইরুল কবির লাল্টুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, শনিবার বিকেলে নগরীর ১৮ নং আসামী কলোনি বউ বাজার থেকে মিনু নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় তিনি ওয়ার্ডে বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি ভোটারদের কাছে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। জনগণ মিনুকে ফুলেল শুভেচ্ছা। ধানের শীষ
স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। প্রচার-প্রচারণায় কেন্দ্রীয় ও মহানগর, থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।