বাঙালির প্রাণের উৎসব পহেলা ফাল্গুন ও বসন্তবরণ ১৪৩২ উপলক্ষে রাজশাহী কলেজ-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে মিলিত হয় কাজী নজরুল চত্বরে। রঙিন পোশাক, ফুলের সাজ এবং বসন্তের প্রতীকী উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
শোভাযাত্রা শেষে কাজী নজরুল চত্বরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বসন্তের সৌন্দর্য ও বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্যবোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজ ক্যাম্পাসে বসন্তের রঙ ছড়িয়ে পড়ে।