শফিকুল আলম সমাপ্ত
একজন রাজনৈতিক কর্মী ও এই মহানগরীর নাগরিক হিসেবে রাজশাহীর আগামী মেয়রের কাছে আমার কিছু প্রস্তাবনা স্পষ্টভাবে তুলো ধরলাম।
প্রথমত, কর্মসংস্থান : আম, মাছ ও পান প্রক্রিয়াজাতকরণে বড় শিল্পভিত্তি গড়ে তুলতে হবে। কোল্ড স্টোরেজ, মান নিয়ন্ত্রণ ও রপ্তানি সুবিধা নিশ্চিত করতে হবে। বই-খাতা, স্কুল ড্রেস, তৈরি শিল্প ও শিক্ষা উপকরণ স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতে হবে। ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ সহজ করতে স্থানীয় ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে সহজ ঋণ দিতে হবে।
দ্বিতীয়ত, পর্যটন : পদ্মা পাড়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো পরিকল্পিতভাবে সাজাতে হবে। নৌভ্রমণ, ওয়াকওয়ে, পার্ক ও বিনোদন কেন্দ্র গড়ে রাজশাহীকে উত্তরাঞ্চলের আকর্ষণীয় শহরে পরিণত করতে হবে।
তৃতীয়ত, শিক্ষা ও মানবসম্পদ : প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মানসম্মত বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল বাড়াতে হবে। হোস্টেল বা হল নির্মাণ না করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন এবং খাদ্য সহায়তা দিতে হবে। কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ শেষে আর্থিক প্রণোদনা এবং উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার সলভেন্সি সহায়তা দিতে হবে।
চতুর্থত, ছাত্রবান্ধব শহর : নিবন্ধিত ও মাননিয়ন্ত্রিত মেস ব্যবস্থা চালু করতে হবে। স্বল্পমূল্যের ছাত্র মিল কর্নার ও কো-অপারেটিভ মডেল গড়ে খরচ কমানো সম্ভব।
পঞ্চমত, পরিকল্পিত নগর ব্যবস্থা : টেন মিনিট সিটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা সংস্কার ও যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণসহ স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।
ষষ্ঠত, স্বাস্থ্য ও খেলাধুলা : আধুনিক হাসপাতাল, নার্সিং ও মেডিকেল প্রশিক্ষণ কেন্দ্র বাড়াতে হবে। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ সংরক্ষণ এবং স্কুলভিত্তিক লিগ ও স্পোর্টস একাডেমি গড়ে তুলতে হবে।
সপ্তমত, ভিক্ষাবৃত্তি ও সামাজিক সুরক্ষা : শিশু ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে। কর্মক্ষমদের কাজে লাগাতে হবে, অক্ষমদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
অষ্টমত, রাজস্ব ও আয় বৃদ্ধি : হোল্ডিং ট্যাক্স কমিয়ে নাগরিকদের বোঝা কমাতে হবে, কিন্তু একই সাথে রাজস্ব আদায় শতভাগ নিশ্চিত করতে হবে। এর ফলে সিটি কর্পোরেশনের আয় বাড়বে এবং শহরের উন্নয়নে সরাসরি বিনিয়োগ করা সম্ভব হবে।
আমার স্বপ্নের রাজশাহী হবে কর্মসংস্থানমুখী, শিক্ষাবান্ধব, পর্যটনসমৃদ্ধ, পরিকল্পিত ও শৃঙ্খলিত শহর। আগামী মেয়র, এই স্বপ্নগুলো যদি আপনারও হয়, নাগরিকরা আপনার পাশে থাকবে।
শফিকুল আলম সমাপ্ত: লেখক: রাজনীতিবীদ ও সমাজসেবক