রাজশাহীর সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী ব্যক্তি একটি মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি করা হলে অস্ত্রগুলো পাওয়া যায়।
রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির সদস্যরা জানতে পেরেছিলেন নদীপথে অস্ত্রের একটি চালান প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিওপির সদস্যরা সমন্বিতভাবে সীমান্ত এলাকায় অ্যাম্বুশ করে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে বাঘা থানাধীন রাওথা-পিরোজপুর এলাকায় একটি মোটরসাইকেলে করে সন্দেহভাজন একজনকে চলাচল করতে দেখা যায়। তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।
বিজিবি অধিনায়ক জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজিবির ১ ব্যাটালিয়নের দায়িত্বরত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিটের সদস্য, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফার্স্ট পেট্রোল ক্রাফট মোতায়ন করা হয়েছে। এছাড়া সীমান্তের ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।