বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। নির্বাচিত হলে রাজশাহীর তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে নগরীর ২৩ ও ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় এসব কথা বলেন।
মিনু আরও বলেন, “২৩ ও ২৪ নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট, বেকারত্বসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই আমি কাজ করতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, জনগণের সেবার মাধ্যম হবে।
নগরীর শাহমখদুম কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও দাবি-দাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন। দুপুর পর্যন্ত এ ওয়ার্ড দুটির বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি, বাজার, দোকানপাট ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির এড. ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, ২৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুরাদ হোসেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিটনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।