রাজশাহী মহানগরীর সংলগ্ন পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টি নজরে আসলে এ বিষয়ে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা রবিবার রাজশাহীর আমীরপুর ফেরিঘাট ও বিষপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় তিনি ফেরিঘাটের আওতাভুক্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ফেরিঘাটে নির্ধারিত টোলের বিপরীতে অতিরিক্ত কোন অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইজারদারদের সর্তক করেন তিনি। এছাড়া ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত সময়ে টোল চার্ট প্রদর্শনের নির্দেশ দেন রাসিক সচিব।
এ বিষয়ে রাসিক সচিব সোহেল রানা বলেন, রাসিক প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া দুইটি ফেরিঘাট পরিদর্শন করা হলো। ইজারাদাররা কর্তৃক অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চর মাঝারদিয়া, খানপুর সহ ওপারের চরের মানুষজন ফেরিঘাটের নির্ধারিত টোল দিয়ে নদী পারাপার করে থাকেন। সরেজমিন পরিদর্শনে ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা চলাচল করে, যারা ভ্রমণকারীদের নৌকাতে ভ্রমণ করান। ব্যক্তি মালিকানাধীন এসব নৌকা সিটি কর্পোরেশনের ইজারাভুক্ত ও আওতাধীন নয়।
ঈদ উপলক্ষে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা পরিদর্শনে এসেছি। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নৌকা মালিকদের সতর্ক করা হয়। ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।