• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

প্রকৌশল খাতের বৈষম্য নিরসণের দাবি ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
প্রকৌশল খাতের বৈষম্য নিরসণের দাবি ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সমাবেশ
প্রকৌশল খাতের বৈষম্য নিরসণের দাবি ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সমাবেশ

নবম ও দশম গ্রেডে নিয়োগ সংক্রান্ত বৈষম্য নিরসন ও বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা ‘রাজশাহী বিভাগীয় ইঞ্জিনিয়ারগণ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রুয়েট শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাবির প্যারিস রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

পরে তারা দুপুর প্রায় সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী সমাবেশে অংশ নেন। তারা প্রকৌশলীদের মেধার যথাযথ মূল্যায়নের পক্ষে নানা ধরণের স্লোগান দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, দশম গ্রেডের নিয়োগ সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ থাকতে হবে। একইসঙ্গে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, দেশের প্রকৌশল খাত দীর্ঘদিন ধরে ভয়াবহ সংকট ও বৈষম্যের শিকার। রাজনৈতিক প্রভাব ও সহিংস আন্দোলনের মাধ্যমে ডিপ্লোমাধারী সিন্ডিকেট প্রকৌশল ব্যবস্থাকে জিম্মি করে রেখেছে। ফলে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ মেধাবী বিএসসি ইঞ্জিনিয়াররা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।

সমাবেশে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। শিক্ষার্থীদের উপর কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রকৌশলীদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। তবে আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। কোনো প্রকার অপশক্তি যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমন শেখ বলেন, নবম গ্রেডে পদোন্নতির মাধ্যমে নয়, পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হতে হবে। দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এসময় সমাবেশে আন্দোলনকারীদের পক্ষে এক শিক্ষার্থী প্রেস রিলিজ পাঠ করে ৩ দফা দাবি উপস্থাপন করেন। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির এবং রাবি ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী সিফাত বক্তব্য দেন।


আরো খবর