রাজশাহীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দাড়িপাল্লার প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ।
গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আগামীতে বাংলাদেশ জুলাই সনদের ভিক্তিতে পরিচালিত হবে। গণভোট শুধুমাত্র একটি ভোট নয়—এটি বাংলাদেশের একশো বছরের ভবিষ্যৎ পরিবর্তনের ভোট ও দীর্ঘদিনের গোলামির শৃঙ্খল ভাঙার ভোট। তাই গণভোটে ‘হ্যাঁ’ আর দাড়িপাল্লা জিতলেই, জিতবে জনগণ।’
মঙ্গলবার সন্ধ্যায় নওহাটা কলেজ মোড়ে পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ দিন স্লোগানে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। ভোটের প্রচারণা গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সংবিধান পরিবর্তন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছে। অতীতে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে রাখা হয়েছিল। এই গণভোট সেই শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন তিনি। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহের কথা তুলে ধরে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘জনগণের প্রার্থী হিসেবে যেখানেই যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ক্লিন ইমেজের একজন মানুষ হিসেবে জনগণ আমাকেই ভোট দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এরপর তিনি গণসংযোগ করেন পবা উপজেলার আলিগঞ্জ, মিয়া পাড়া, টিকর, বড় বাড়িয়া ও ফকির পাড়া এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ চালান। এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, কৃষক, তরুণ ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় নানা সমস্যার কথা শোনেন।
এ সময় তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। মানুষের চোখেমুখে আশার আলো দেখা যাচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই ভালো সাড়া পাচ্ছি। ফলে এ আসনে ভোটের লড়াইয়ে দাড়িপাল্লার গণজোয়ার তৈরি হয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি বাছাইয়ের বিষয় নয়। এটি ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধারের সুযোগ পাবে।
ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগরের প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, এনসিপি রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক সাজু আহমেদ।